বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বংকুরা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শেখ রুহুল আমীন (৮০), তার স্ত্রী আকিরুন্নেছা বেগম (৬৫) এবং দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম (৩৮) ও সবুজ শেখ (৩২) কে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের জাকারিয়া শেখ জাকিরের সঙ্গে শেখ রুহুল আমীনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় জাকারিয়া শেখ জাকির, তার চাচাতো ভাই জালাল শেখসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রুহুল আমীনের বাড়িতে হামলা চালায়। হামলায় মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় হামলাকারীরা বসতঘরে আগুন দেয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত শেখ রুহুল আমীন অভিযোগ করে বলেন, ইফতারের আগ মুহূর্তে জাকারিয়া শেখ জাকির, জালাল শেখ ও তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। কারণ জানতে চাইলে তারা অতর্কিত হামলা চালায় এবং তাকে, তার স্ত্রী ও সন্তানদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে ঘরে আগুন দেয়, মোটরসাইকেল ভাঙচুর করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ শুক্রবার (২০ মার্চ) দুপুরে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...