Logo Logo

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

‘হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি’


Splash Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

দেশে বর্তমান হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করার মতো কোনো পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান অবস্থাকে কোনোভাবেই মহামারি বলা যাবে না। হামে আক্রান্ত হয়ে প্রথম শিশু মৃত্যুর ঘটনা ঘটার পরপরই সরকার প্রয়োজনীয় আইসিইউ সুবিধাসহ সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করেছে।’

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘অতীতের ফ্যাসিস্ট সরকারগুলোর ব্যর্থতা ও সব খাতে লুটপাটের কারণে আজ একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা স্বাস্থ্যখাতে কোনো অর্থ রেখে যায়নি। তবে দেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম নিতে দেওয়া হবে না।’

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘অনেক মা বর্তমানে ব্যক্তিগত স্টাইল বা কর্মব্যস্ততার অজুহাতে শিশুদের বুকের দুধ (ব্রেস্ট ফিডিং) খাওয়াচ্ছেন না, যা অত্যন্ত নেতিবাচক। বুকের দুধের অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টির ঘাটতি দেখা দিচ্ছে। এর ফলে হামের মতো রোগ ভয়াবহ রূপ নিচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলছে।’

অনুষ্ঠানে রূপগঞ্জবাসীর জন্য নতুন সুখবর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য এখানে ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন। ইনশাআল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি রূপগঞ্জবাসীকে একটি ১০০ শয্যার আধুনিক হাসপাতাল উপহার দেব।’

দেশের শিশুদের সুরক্ষায় চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে তিনি সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার অনুরোধ জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...