Logo Logo

মোহনগঞ্জে ‘আন্টি’ পরিচয়ে অপহরণের চেষ্টা ব্যর্থ, তরুণী আটক


Splash Image

অভিযুক্ত পাচার চক্রের সদস্য ইসরাত জাহান মীম।

নেত্রকোনার মোহনগঞ্জে ‘আন্টি’ পরিচয় দিয়ে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনায় ইসরাত জাহান মীম (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাদিয়া আক্তার (১০) উপজেলার সুয়াইর গ্রামের আল আমিনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

আটক ইসরাত জাহান মীম পাশ্ববর্তী আটপাড়া উপজেলার সোনকামিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নাদিয়া প্রতিদিনের মতো সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তরুণী তার কাছে গিয়ে নিজেকে ‘আন্টি’ পরিচয় দেন এবং দাবি করেন, নাদিয়ার মা তাকে পাঠিয়েছেন। বিশ্বাস অর্জনের জন্য তিনি নাদিয়ার পরিবারের সদস্য, স্কুল ও শিক্ষকদের সম্পর্কে সঠিক তথ্য উল্লেখ করেন।

এরপর কৌশলে নাদিয়াকে জানানো হয়, তার মা শহর থেকে মিষ্টি আলু আনতে বলেছেন। পরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তাকে মোহনগঞ্জ শহরের দিকে নিয়ে যাওয়া হয়।

এদিকে নাদিয়ার সহপাঠীরা বাড়ি ফিরে বিষয়টি জানালে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে স্থানীয়দের সহযোগিতায় নাদিয়াকে উদ্ধার এবং অভিযুক্ত তরুণীকে আটক করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইসরাত জাহানকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, শিশুটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং তিনি একটি মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত। শিশুটিকে চক্রের অন্যান্য সদস্যদের কাছে হস্তান্তরের কথা ছিল বলেও জানান তিনি।

ওসি আরও জানান, আটক তরুণীর দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে। এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...