বিজ্ঞাপন
জানা যায়, গত বুধবার সকালে মনোহরদী পৌরসভার বাইপাস সড়কের দীর্ঘদিনের সংস্কার কাজের অংশ হিসেবে ঢালাই কার্যক্রম শুরু হয়। এ সময় এক ব্যক্তি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন যে, “বৃষ্টির মধ্যে রাস্তার ঢালাই কাজ চলছে।” তবে স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজনের দাবি, তখন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হচ্ছিল না। কিছুক্ষণ পর আবহাওয়া স্বাভাবিক হয়ে রৌদ্রোজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা ভিডিও ধারণকারীর কাছে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণ জানতে চান।
একপর্যায়ে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলে উপস্থিত লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যক্তিকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেন।
পরে তার স্ত্রী ও নিকট আত্মীয়রা থানায় গিয়ে বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানান। সংশ্লিষ্ট ব্যক্তি ফেসবুক লাইভে এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান, পূর্বের ভিডিও মুছে ফেলেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় চলে যান।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে নিরাপদ স্থানে গিয়ে তিনি আগের লাইভ ভিডিওটি ডিলিট করে পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন যে, যুবদল, ছাত্রদল ও প্রশাসনের উপস্থিতিতে তার ওপর হামলা করা হয়েছে। এছাড়া মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগের সঙ্গে মোবাইল ফোনে কৌশলে কথা বলে তা সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় বলেও অভিযোগ ওঠে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিলে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থল পরিদর্শন করে সরেজমিন তদন্ত করেন।
এ সময় মনোহরদী বাইপাস সংলগ্ন মার্কেট মালিক ও দোকান মালিক সমিতির সভাপতি মো. আজিজুল হক মাষ্টো, মনোহরদী বাজার মসজিদের সাধারণ সম্পাদক ব্যবসায়ী মো. মানিক মিয়া, ঠিকাদার মোহাম্মদ বজলুল হক, ব্যবসায়ী রাজিব রায়সহ স্থানীয় সাংবাদিক ও শতাধিক ব্যবসায়ী জানান, ঢালাই কাজ চলাকালে বৃষ্টি হয়নি। তারা দাবি করেন, বিভ্রান্তিকর ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে, যা উন্নয়ন কাজে বাধা সৃষ্টির অপচেষ্টা।
জেলা যুবদলের নেতৃবৃন্দ সাংবাদিক হেনস্তার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, বিভ্রান্তিকর ভিডিও ধারণের বিষয়ে প্রশ্ন করাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়েছিল। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের উপস্থিতিতে ওই ব্যক্তি আবারও লাইভে এসে নিজের ভুল স্বীকার করে ব্যবসায়ীদের কাছে ক্ষমা চান এবং সবার সঙ্গে ছবি তুলে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ও সম্মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অন্যদিকে মনোহরদীতে কর্মরত সাংবাদিকরা বলেন, কোনো প্রকৃত সাংবাদিক হামলা, মামলা বা হয়রানির শিকার হলে সাংবাদিক সমাজ সবসময় তার পাশে থাকবে। তবে বিভ্রান্তিকর ও কল্পনাপ্রসূত তথ্য প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তারা জানান।
স্থানীয় প্রশাসন,ব্যবসায়ী ও যুবদল নেতৃবৃন্দের দাবি, প্রশাসন ও মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিবকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...