Logo Logo

নির্বাচনে পরাজিত হয়েও প্রতিশ্রুতি রক্ষা

৪৫ লাখ টাকা ব্যয়ে শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের উদ্যোগ আলহাজ্ব আব্দুর রউফের


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকা শাখরা-কোমরপুর সেতু সংস্কারের জন্য ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (২২ জুন) সকালে শাখরা-কোমরপুর সেতু এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

আব্দুর রউফ বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনগণের সমর্থন পেলে ক্ষতিগ্রস্ত শাখরা-কোমরপুর সেতুটি সংস্কার করবেন। সে লক্ষ্যেই তিনি সাতক্ষীরার সার্বিক উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করেন। প্রথম পর্যায়ে সেতু সংস্কারের জন্য ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেলেও তা দিয়ে পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব না হওয়ায় উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থ থেকে অতিরিক্ত ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী এক মাসের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে সেতুর সংস্কারকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্যে আব্দুর রউফ বলেন, “নির্বাচনে পরাজিত হলেও আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মানুষের দেওয়া প্রত্যাশা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব। ইনশাআল্লাহ, সাতক্ষীরার উন্নয়নে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।”

এ সময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাহানুর রহমান এবং দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে শাখরা-কোমরপুর সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারকাজ শুরু হলে এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...