Logo Logo

মনোহরদীতে টমটমের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু


Splash Image

নরসিংদীর মনোহরদীতে বেপরোয়া টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর জোহান সারোয়ার বর্ণ (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নিহত জোহান সারোয়ার বর্ণ উপজেলার পীরপুর গ্রামের বাসিন্দা এবং পীরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন স্কুল চলাকালীন টিফিন বিরতির সময় জোহান নিজের সাইকেল নিয়ে বিদ্যালয়ের বাইরে বের হয়। পরে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিক মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টমটম (স্থানীয় ব্যাটারিচালিত যান) তার সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা জোহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন। পরবর্তীতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যায় এই কিশোর। জোহানের এমন অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, “স্কুলছাত্রের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এই দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...