Logo Logo

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার


Splash Image

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে জেলার বিভিন্ন স্পর্শকাতর স্থানে নিরাপত্তা টহল বাড়ানোর পাশাপাশি কড়া নজরদারি রাখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় জেলার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে জেলা জুড়ে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি মাঠ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েত করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অন্যান্য দিনের তুলনায় আজ সকাল থেকে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও গণপরিবহন কিছুটা কম লক্ষ্য করা গেছে। থমথমে ভাব থাকলেও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়নি। অফিস-আদালত, ব্যাংক-বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফউজ-জামান গণমাধ্যমকে জানিয়েছেন, "জেলায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সামাল দিতে পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী সার্বক্ষণিক মোতায়েন রয়েছে এবং তারা সতর্ক অবস্থানে কাজ করছে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...