Logo Logo

ঝালকাঠিতে ৮২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল


Splash Image

টিকা ও ভিটামিন ক্যাপসুল সংকটের কারণে প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর সারাদেশের মতো ঝালকাঠিতেও পুনরায় শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আগামী ২৮ জুন জেলার ৮২ হাজার ৫০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।


বিজ্ঞাপন


বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার চারটি উপজেলার সব ইউনিয়ন এবং দুটি পৌরসভার সব ওয়ার্ডে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। তাই নির্ধারিত বয়সসীমার সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় কর্মসূচি অনুযায়ী বছরে দুইবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আয়োজনের কথা থাকলেও ক্যাপসুল সংকটের কারণে গত বছরের মার্চ মাসের পর আর কোনো ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ প্রায় ১৪ মাস পর আগামী ২৮ জুন পুনরায় এ কার্যক্রম শুরু হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্র স্থাপন, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত দিনে শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে উপস্থিত হয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...