Logo Logo

ঝালকাঠি-নলছিটির যোগাযোগে নতুন সম্ভাবনা

সুগন্ধা নদীর ওপর প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন


Splash Image

ঝালকাঠি ও নলছিটি উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে সুগন্ধা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সংশ্লিষ্টরা মনে করছেন, সেতুটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ, বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।


বিজ্ঞাপন


বুধবার (২৪ জুন) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমীনা আল গাজীর প্রস্তাবিত ঝালকাঠি-নলছিটি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রতিনিধি দল।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন (পিএন্ডডি) বিভাগের উপ-পরিচালক মো. নুর ইয়াসিনের নেতৃত্বে প্রতিনিধি দল সভায় অংশ নেয়। সভা শেষে তারা জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সুগন্ধা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে ঝালকাঠি ও নলছিটির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি আশপাশের কয়েকটি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নতি হবে। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য দ্রুত পরিবহন করা সম্ভব হবে এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

তারা আরও জানান, সেতুটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা ও বিভিন্ন কারিগরি বিষয় যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...