Logo Logo

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত


Splash Image

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য মানববন্ধন, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে সকালে প্রথমে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পার্কের গেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে "মাদককে না বলুন" স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরবর্তীতে সরকারি মহিলা কলেজের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রিপন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুদ। এছাড়াও সাতক্ষীরা তথ্য অফিসের উচ্চমান কর্মকর্তা মনিরুজ্জামান মনির এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রাজিবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, “যে মাদক অফার করে সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, তাই পরিবার ও সমাজকে সুন্দর রাখতে মাদক থেকে দূরে থাকতে হবে।”

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক ভূমিকা যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থেকে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...