Logo Logo

শার্শার সাড়াতলা ও পাকশিয়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৭


Splash Image

প্রতীকী ছবি।

যশোরের শার্শা উপজেলার সাড়াতলা ও পাকশিয়া কেন্দ্রে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী কঠোর নিয়ম-কানুনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা। দুই কেন্দ্রেই কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে প্রথম দিনের পরীক্ষায় দুই কেন্দ্র মিলিয়ে মোট সাতজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


সাড়াতলা কেন্দ্রের সচিব ও সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদুজ্জামান জানান, সাড়াতলা পরীক্ষা কেন্দ্রে পাকশিয়া আইডিয়াল কলেজ ও লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১০৭ জন পরীক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ৮৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও দুইজন অনুপস্থিত ছিলেন। ফলে এ কেন্দ্রে মোট ৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ৪৭ জন ছাত্র এবং ৩৫ জন ছাত্রী।

অন্যদিকে পাকশিয়া কেন্দ্রের সচিব অধ্যক্ষ আনিচুর রহমান জানান, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ নিয়মিত এইচএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় শিক্ষা বোর্ড নির্ধারিত পরিবর্তিত ভেন্যু হিসেবে পার্শ্ববর্তী পাকশিয়া আইডিয়াল কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১৫১ জন পরীক্ষার্থী রয়েছে। প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১০৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও ১০১ জন পরীক্ষায় অংশ নেন এবং পাঁচজন অনুপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৫৯ জন ছাত্র এবং ৪২ জন ছাত্রী।

কেন্দ্র সচিবদ্বয় জানান, উভয় কেন্দ্রেই শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে কঠোর নিয়মের মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে পরীক্ষা শুরুর প্রথম দিনেই সাড়াতলা কেন্দ্র পরিদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। কেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, “আমি উপজেলার সব কেন্দ্র পরিদর্শন করতে পারিনি। তবে কয়েকটি কেন্দ্রে গিয়েছি এবং বর্তমানে সাড়াতলা কেন্দ্রে অবস্থান করে যা দেখেছি, তাতে পরীক্ষার যথাযথ নিয়ম মেনেই সব কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...