Logo Logo

ছয় মাসে ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী


Splash Image

মো. এমরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে না হয়।


বিজ্ঞাপন


শুক্রবার বিকেলে মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। স্বাস্থ্য খাতের পাশাপাশি জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য খাতেও সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...