বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) সকালে শহরের মাছিমদিয়ায় শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল, কোরআনখানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে নড়াইল জেলা প্রশাসন, এস এম সুলতান সংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমি।
কর্মসূচির শুরুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বরেণ্য এই শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারী প্রফেসর ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে মর্যাদাপূর্ণ ‘এস এম সুলতান সম্মাননা পদক-২০২৬’ আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে সংস্কৃতি মন্ত্রী নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় সরজমিনে পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষাকার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...