Logo Logo

সাতক্ষীরায় জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ


Splash Image

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ আফরিন সুলতানা (৪০) নামে এক ভুক্তভোগী নারী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বিজ্ঞাপন


অভিযোগ সূত্রে জানা গেছে, আফরিন সুলতানা তাঁর স্বামী এস এম বিল্লাল হাসানের পৈত্রিক ভিটায় বসতবাড়ি নির্মাণ করে বল্লী এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। প্রতিবেশী ইকবাল হোসেন রাজুসহ অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের রেকর্ডীয় জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছিলেন এবং এরই মধ্যে জমির প্রায় দুই ফুট জায়গা অবৈধভাবে দখল করে নিয়েছেন।

জমি সংক্রান্ত এই বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা কোনো সালিশ-মীমাংসা মানেননি। পরবর্তীতে পেশাদার সার্ভেয়ার দিয়ে দুই দফায় জমি মাপজরিপ করা হলেও অভিযুক্তরা সেই সীমানা নির্ধারণও মেনে নিতে অস্বীকার করেন বলে জানান আফরিন সুলতানা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আজ ১৬ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন রাজু আফরিন সুলতানার মালিকানাধীন জমির ভেতরের গাছগাছালি কাটতে যান। এ সময় আফরিন সুলতানা বাধা দিলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে রাজু অন্যান্য অভিযুক্তদের ডেকে আনেন। পরে তারা সংগঠিত হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আফরিন সুলতানার বসতবাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে হামলা চালায়।

আফরিন সুলতানার অভিযোগ, হামলার সময় তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়, এতে তাঁর হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর নীলাফোলা ও ছেলা জখম হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ভাসুর ও বড় জাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে একজন অভিযুক্ত আফরিন সুলতানাকে জোরপূর্বক চেপে ধরেন এবং অপর এক অভিযুক্ত বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তাঁর ভাসুর গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় কয়েকজন অভিযুক্ত আফরিন সুলতানার পরনের কাপড়চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায় এবং তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। স্থান ত্যাগের সময় অভিযুক্তরা ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের ভবিষ্যতে যেখানে পাওয়া যাবে সেখানেই খুন-জখম করার হুমকি প্রদান করে।

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি। আফরিন সুলতানা বাদী হয়ে ইকবাল হোসেন রাজু, জাহিদ হাসান বিপুল, লিপি খাতুন, ফরিদা খাতুন, রেখা খাতুন ও বজলুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...