Logo Logo

আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত


Splash Image

দেশের যেসব ছোট ছোট এলাকায় হাম-রুবেলার টিকা থেকে কিছু শিশু বাদ পড়েছে, সেসব এলাকায় বিশেষ টিকাদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই কর্মসূচি বাস্তবায়নে বর্তমানে মজুত থাকা ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যমকে মো. কামরুজ্জামান চৌধুরী জানান, হামের বর্তমান পরিস্থিতি ও সমস্যা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের উপস্থিতিতে আইসিসি একটি গুরুত্বপূর্ণ সভা করেছে। সেখানে বাদ পড়া শিশুদের টিকাদানের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, দেশের নির্দিষ্ট কিছু পকেটে বা ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। তাদের সবাইকে এই বিশেষ কর্মসূচির আওতায় আনা হবে। এই মুহূর্তে প্রয়োজনীয় ১৬ লাখ টিকা মজুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আইসিসির সভায় আক্রান্তদের বয়সভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, হামে আক্রান্তদের ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭৪ শতাংশের বয়স ৬ মাস থেকে ৫৯ মাস। এছাড়া ১৪ শতাংশের বয়স ৫ থেকে ১০ বছর এবং বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।

সভায় নিয়মিত টিকাদান কর্মসূচির মজুত পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি আগামী বছর যাতে টিকার কোনো ঘাটতি তৈরি না হয়, সে জন্য আগাম পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম জোরদার করতে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী মোট ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

চলতি বছর ১৭ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে ৮১৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ৯১৪ জনের প্রাণহানি ঘটেছে, যাদের বড় অংশের বয়স পাঁচ বছরের কম এবং তারা কোনো টিকা পায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...