Logo Logo

কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে নিহতদের মধ্যে দুইজনের বাড়ি সাতক্ষীরায়


Splash Image

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ নামের পাঁচতলা একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে একজন নারীসহ দুইজনের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে।


বিজ্ঞাপন


বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে এলাকায় মৃত্যুর খবর পৌঁছালে নিহতদের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তারা ভারতে গিয়েছিলেন।

নিহতদের একজন এস এম আলিমুজ্জামান ওরফে সাজু (৪৫)। তিনি কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস আলী সরদারের ছেলে। পেশায় তিনি ঘের ব্যবসায়ী। নিহত অপরজন রেবতী সরকার। তিনি একই ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ভবেষ কুমার সরকারের স্ত্রী।

নিহত সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, চার ভাইয়ের মধ্যে সাজু ছিলেন সবার ছোট। তার মেঝো ভাই রাজু সরদার আগেই মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন।

তিনি জানান, কোমরের ব্যথার চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পাঁচ-ছয় দিন আগে ভারতে গিয়েছিলেন সাজু। বুধবার তার বাড়িতে ফেরার কথা ছিল। তবে এর আগেই রাত ১০টার দিকে পরিবারের কাছে খবর আসে, কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে তিনি মারা গেছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জানান, আলিমুজ্জামান ওরফে সাজু এবং রেবতী সরকার নামে দুইজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ২টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু রয়েছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। এছাড়া নিহতদের মধ্যে সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগমবাড়ি গ্রামের আদম আলীর ছেলে আহমেদ বাবু (২৭) রয়েছেন। জানা গেছে, ঘটনার সময় ওই হোটেলে মোট ২৫ জন বাংলাদেশি অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...