Logo Logo

প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব : এমপি এসএম জিলানী


Splash Image

সমাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল করা কোনো একক ব্যক্তি বা পুলিশের পক্ষে সম্ভব নয়; তবে প্রতিটি পরিবারের অভিভাবক উদ্যোগ নিলে মাদক নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।


বিজ্ঞাপন


আজ শনিবার (২২ আগস্ট) টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটে গোপালগঞ্জ জেলা ওলামা দল আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এস এম জিলানী বলেন, সন্তানরা কোথায় কী করছে তা সবচেয়ে আগে অভিভাবকদের চোখেই ধরা পড়ে। কিন্তু প্রাথমিক অবস্থায় লজ্জায় বা অন্য কোনো কারণে অভিভাবকরা মানতে চান না যে তাদের সন্তান মাদকাসক্ত হয়ে পড়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিষ্ঠ হয়ে সেই বাবা-মাকেই সন্তানকে থানায় সোপর্দ করতে হয়। তাই পরিবার পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সময়োপযোগী পদক্ষেপই মাদক নির্মূলের প্রধান হাতিয়ার।

প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে ইমাম ও মুয়াজ্জিনদের মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে মসজিদে সবচেয়ে বেশি মুসল্লির সমাগম ঘটে। ওই দিন সচেতনতামূলক বয়ান দিলে সব শ্রেণি-পেশার মানুষ আরও সতর্ক হবে এবং সমাজ উপকৃত হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের দুর্নীতি তুলে ধরে এস এম জিলানী বলেন, গত ১৭ বছরে দেশ থেকে প্রায় ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা দিয়ে দেশের সাতটি পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা সম্ভব হতো। এই বিপুল অর্থ দেশে থাকলে সাধারণ মানুষের হাতে থাকত। অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি বর্তমানে চরম ভঙ্গুর অবস্থায় পড়েছে। তবে বর্তমান নির্বাচিত সরকার অর্থনীতির ভিতকে পুনরায় শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুতই দেশের অর্থনৈতিক পরিস্থিতি সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গোপালগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর খান, গোপাল সরকার ও যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...