Logo Logo

তেঁতুলিয়ায় চেয়ারম্যানের উদ্যোগে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সেবা


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতি পূরণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. তারেক হোসেন। সম্পূর্ণ নিজ উদ্যোগে ইউনিয়নে একটি আধুনিক মানসম্মত অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন তিনি।


বিজ্ঞাপন


দীর্ঘদিন ধরে বুড়াবুড়ি ইউনিয়নে কোনো অ্যাম্বুলেন্স সুবিধা না থাকায় জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। বিশেষ করে গর্ভবতী নারী ও প্রবীণ রোগীদের দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে মারাত্মক সংকটে পড়তে হতো দুস্থ পরিবারগুলোকে।

ইউনিয়নবাসীর এই ভোগান্তি দূর করতে এবং জরুরি চিকিৎসা দ্রুত পৌঁছে দিতে প্রায় ১ মাস আগে তিনি এই অ্যাম্বুলেন্স সেবাটি চালু করেন। চেয়ারম্যানের এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী কার্যক্রমে পুরো ইউনিয়ন জুড়ে প্রশংসার জোয়ার বইছে।

ইউপি চেয়ারম্যান মো. তারেক হোসেন জানান, ইউনিয়নের কোনো মানুষ যেন জরুরি চিকিৎসার অভাবে বা সঠিক পরিবহনের অভাবে কষ্ট না পান, সেই লক্ষ্যেই এ উদ্যোগ। এটি কেবল একটি পরিবহন নয়, বরং এলাকার মানুষের জন্য জীবন রক্ষাকারী এক জরুরি সেবা। দিন-রাত ২৪ ঘণ্টা এই সুবিধা খোলা থাকবে।

তিনি আরও জানান, সাধারণ রোগীদের ক্ষেত্রে কেবল জ্বালানি খরচ ও চালকের বকশিশ দিয়ে এই সেবা নেওয়ার সুযোগ রয়েছে। তবে কোনো অসচ্ছল বা দুস্থ পরিবার যদি জ্বালানি খরচ বহনে অক্ষম হয়, তবে তাদের জন্য সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। অ্যাম্বুলেন্স চালুর পর গত এক মাসে অনেক রোগীকেই সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, এই মানসম্মত সেবাটি চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে এবং এখন যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...