Logo Logo

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে তেঁতুলিয়ার এইচ আর ফিলিং স্টেশন


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্স নবায়ন ছাড়াই প্রায় তিন বছর ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে মেসার্স এইচ আর ফিলিং স্টেশন। একই সঙ্গে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) অবৈধভাবে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে রিফিল করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চললেও বিষয়টি দেখার যেন কেউ নেই।


বিজ্ঞাপন


বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)-এর লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (লিমা) থেকে জানা যায়, মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের লাইসেন্সের মেয়াদ ২০২৩ সালের ১১ অক্টোবর শেষ হয়েছে। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও লাইসেন্সটি নবায়ন করা হয়নি।

তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী কালান্দিগঞ্জ এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে মেসার্স এইচ আর ফিলিং স্টেশন ও মেসার্স এইচ আর এলপি গি অটোগ্যাস ফিলিং স্টেশন অবস্থিত। মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের লাইসেন্স নম্বর ৭৭-৯০-১-১১১-০০০০২ এবং পুরোনো নম্বর ১২৫৬।

সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার সুজন আলীর সঙ্গে কথা হলে তিনি লাইসেন্সের মেয়াদোত্তীর্ণের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, প্রায় তিন বছর আগে শ্রম পরিদর্শন (স্বাস্থ্য) কর্মকর্তা সফিকুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে লাইসেন্স নবায়নের জন্য হার্ড কপি দেওয়া হয়েছিল। পরে ওই কর্মকর্তা লাইসেন্সের হার্ড কপি হারিয়ে ফেলায় তা আর নবায়ন করা হয়নি।

অকটেনের মূল্য প্রসঙ্গে সুজন আলী বলেন, গেজেটে উল্লেখিত ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের খুচরা মূল্য ১৬৫ টাকা। তবে এইচ আর ফিলিং স্টেশন ডিপোর ৪০ কিলোমিটারের বাইরে হওয়ায় অতিরিক্ত দূরত্বের হিসাব করে জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে কেরিং খরচসহ প্রতি লিটার অকটেন ১৬৬ টাকা ১০ পয়সা নেওয়া হচ্ছে।

রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি রিফিলের বিষয়ে তিনি বলেন, রান্নার সিলিন্ডারে এলপিজি রিফিল করা নিষেধ। তবে জ্বালানি তেল সংকটের সময় কিছু ব্যক্তি, যার মধ্যে ইউএনও, ওসিসহ অন্যরাও ছিলেন, তাদের অনুরোধে দিতে হয়েছে। এরই ধারাবাহিকতায় মাঝে মাঝে রান্নার সিলিন্ডারে গ্যাস রিফিল করা হয়ে থাকে।

এ বিষয়ে মেসার্স এইচ আর ফিলিং স্টেশনের মালিক আলহাজ মো. আবু হিরন মুঠোফোনে বলেন, গেজেটে উল্লেখিত ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের খুচরা মূল্য ১৬৫ টাকা। এর বাইরে যত কিলোমিটার বেশি হবে, সে অনুযায়ী কেরিং চার্জ নেওয়ার কথা বলা হয়েছে। রেজুলেশনের পর জেলা প্রশাসকের অনুমোদনের মাধ্যমেই কেরিং চার্জ নেওয়া হয়। তবে এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের সঙ্গে বসতে চেয়েছেন।

কলকারখানার লাইসেন্স নবায়ন না করার কারণ জানতে চাইলে আবু হিরন বলেন, প্রায় চার বছর আগে এইচ আর ফিলিং স্টেশন পরিদর্শনে যাওয়া এক ব্যক্তির কাছে নবায়নের জন্য লাইসেন্সের হার্ড কপি দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি কাগজগুলো হারিয়ে ফেলায় লাইসেন্স নবায়ন করা হয়নি। তবে চার বছরের নবায়ন ও জরিমানা ফি জমা দিয়ে কয়েক দিনের মধ্যেই কলকারখানার লাইসেন্স নবায়ন করা হবে বলে তিনি জানান।

রান্নার গ্যাস সিলিন্ডারে এলপিজি বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এলপিজি গাড়ির সিলিন্ডারে বিক্রির বিধান রয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারে বিক্রির বিধান নেই, তাই তারা তা দিতে বা বিক্রি করতে পারেন না। তবে গাড়ির সিলিন্ডারে গ্যাস দেওয়া গেলে রান্নার গ্যাস সিলিন্ডারে কেন দেওয়া যাবে না—এমন যুক্তিতে জ্বালানি মন্ত্রণালয়ে একটি দরখাস্ত দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার আশা করছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম আকাশ বলেন, ঠাকুরগাঁও থেকে এরই মধ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর একটি টিম আসবে। তারা সেখানে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...