Logo Logo

রাজাপুরে ১২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজাসহ ৫ জন আটক, দেড় বছরের কারাদণ্ড


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক পাঁচজনের প্রত্যেককে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারের উত্তর পাশে মিলবাড়ি এলাকায় আবাসনের বিপরীতে রাজু গাইনের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন। আটকরা হলেন—রাজাপুরের নৈকাঠী এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে মো. এমাদুল হাওলাদার (৪৫), লেবুবুনিয়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (২৬), নারিকেলবাড়িয়া এলাকার মো. মোদাচ্ছর খানের ছেলে মো. রাকিব খান (২৫), লেবুবুনিয়া এলাকার মো. হাবিবুর রহমান আকনের ছেলে মো. হাসিবুর রহমান আকন (২৫) এবং বারাকপুর এলাকার মো. নুরু হাওলাদারের ছেলে মো. ইয়াছিন হাওলাদার (২৫)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মধ্যে বড় রোল ছিল আটটি এবং ছোট রোল ছিল ১৪টি। অভিযানের পর আটক ব্যক্তিদের রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরীর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনের প্রত্যেককে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...