বিজ্ঞাপন
পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের মতামত শোনার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হন।
পরিদর্শন শেষে মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, রংপুর বিভাগের সব পূজামণ্ডপের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, কোনো পূজামণ্ডপে যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলেও তাদের আইনের আওতায় আনা হবে।
ডিআইজি আরও বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সবাই যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা যায়নি।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমসহ অন্যান্য ধর্মের মানুষও দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করছেন। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরাও সহযোগিতা করছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে দেখেছি, একই সময়ে মন্দিরে পূজা চলছে, আবার মসজিদে আজান দিয়ে নামাজ আদায় করা হচ্ছে। সবাই সবাইকে সহযোগিতা করছেন। এই মনোভাব নিয়েই আমরা দেশকে ভালোবেসে যাব।’
ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী এবং ট্রাফিক শাখার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. হাসান আসকরীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ঠাকুরগাঁওয়ে মোট ৪৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১২৭টি, পীরগঞ্জে ১২০টি, বালিয়াডাঙ্গীতে ৬৩টি, রানীশংকৈলে ৫৫টি, হরিপুরে ২০টি, রুহিয়ায় ২৮টি এবং ভুল্লীতে ৬৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহত্তর রংপুর বিভাগের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...