Logo Logo

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ


Splash Image

ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর কর্মস্থলে যাওয়ার পথে জেএমবির বোমা হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। তাঁদের স্মরণে শোকযাত্রা, স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা ও দায়রা জজ আদালত।


বিজ্ঞাপন


শনিবার (১৪ নভেম্বর) সকালে আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা।

শোকযাত্রায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

পরে আদালত চত্বরে শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে সভা শেষে নিহত দুই বিচারকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী একটি মাইক্রোবাসে বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। এতে ঘটনাস্থলেই বিচারক সোহেল আহম্মেদ নিহত হন। গুরুতর আহত বিচারক জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হামলায় মাইক্রোবাসটিও বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত অবস্থায় হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুনকে আটক করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাতজনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে ওই রায় বহাল থাকার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির ছয় শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছয়জন হলেন—জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। পরবর্তী সময়ে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা কারাগারে আরেক দণ্ডপ্রাপ্ত জঙ্গি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দুই বিচারক হত্যার এই নৃশংস ঘটনা সে সময় দেশের বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২১ বছর পেরিয়ে গেলেও বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের স্মৃতি আজও অম্লান। তাঁদের হত্যার দিনটি দেশের বিচার বিভাগের ইতিহাসে শোকাবহ ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...