Logo Logo

ইসরায়েলি হামলায় হামাসের ব্রিগেড কমান্ডার নিহত


Splash Image

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় গাজার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখার রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির মাহমুদ আবু ইউনুস নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (১৫ নভেম্বর) ভোরে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। এক প্রতিবেদনে সেই বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বিবৃতিতে বলা হয়, আবু ইউনুস সংগঠনটির জেনারেল মিলিটারি কাউন্সিলের সদস্য ছিলেন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথভাবে হামাসের সশস্ত্র শাখার এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি তারা।

এদিকে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, আল-মাওয়াসিতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। আবু ইউনুস এর আগে রাফাহ ব্রিগেডের নেতৃত্বে থাকা নায়েল আবু ওবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত হন আবু ওবেইদ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় শনিবার পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৭ হাজার ১৪০ কোটি ডলার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...