Logo Logo

গোপালগঞ্জ জেলা শহর আজ কার্যত ছিলো কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দখলে


Splash Image

গোপালগঞ্জ জেলা শহর আজ দুপুর পর্যন্ত কার্যত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে ছিল। রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে শত শত নেতা-কর্মী বিভিন্ন যানবাহনে শহরে প্রবেশ করে মিছিল-সমাবেশে অংশ নেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙচুর, সুপারশপের কাঁচ ভাঙচুর ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সকাল ১১টা থেকে জেলা সদরের আশপাশের এলাকা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা জেলা শহরে আসতে শুরু করেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা একত্রিত হন। দুপুর ১২টার দিকে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করেন।

একপর্যায়ে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে হাজার হাজার নেতা-কর্মীর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীকে লগি-বৈঠা হাতে অংশ নিতে দেখা যায়।

মিছিল চলাকালে শহরের এফএনএফ নামে একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর ২টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন। পরে তাঁরা শহর ত্যাগ করেন।

অন্যদিকে, কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বর’-এর নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘মুক্তিযোদ্ধা চত্বর’ স্থাপন করা হয়।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষ করে শহরের লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।

সব মিলিয়ে পুরো শহরজুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলের কারণে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে বেলা দেড়টার দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কিছু দোকানপাট খুলতে থাকে এবং রিকশা-ভ্যান চলাচলও শুরু হয়। একপর্যায়ে মিছিলকারীরা শহর ছেড়ে চলে গেলে জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...