Logo Logo

জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের ভাণ্ডার, ৭ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩


Splash Image

বরিশালের গৌরনদীতে আলোচিত ব্যবসায়ী ও শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের সহযোগীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পরিচালিত এই ঝটিকা অভিযানে বিদেশি পিস্তল ও রিভলবারসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র, ৩৩টি ম্যাগাজিন এবং ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় জর্দা শামীমের তিন সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন—গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা ও শামীমের ব্যক্তিগত সহকারী শাহে আলম (৫০), শামীমের শ্যালক বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং স্থানীয় ভ্যানচালক মো. রবিউল বেপারী (৩৫)।

এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী এবং কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মহড়া, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ রয়েছে। ঢাকা ও ঝালকাঠিতে একাধিক মামলার আসামি শামীম দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে ২০২৬ রাতে রংপুর সদর এলাকা থেকে গ্রেপ্তার হন।

শামীম গ্রেপ্তার হওয়ার পরপরই তাঁর কাছে থাকা বিশাল অস্ত্র ও গোলাবারুদের মজুত গোপনে সরিয়ে নেওয়া হয় গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’। পরবর্তীতে ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের তত্ত্বাবধানে এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতঘরকে অস্ত্রের গুদাম হিসেবে ব্যবহার করতে বাধ্য করা হয়েছিল।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে গৌরনদীর বাটাজোর এলাকার ওই বসতবাড়িতে অভিযান চালায় এসআরবি-৮ বরিশালের একটি চৌকস দল। এ সময় পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে আটক করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার ও ১টি এয়ারগানসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

এ ছাড়া জব্দকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ। অভিযানে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত বহনের ১০টি ব্যাগও উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার তিনজনকে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিশাল অস্ত্র ভাণ্ডারের মূল উৎস কী এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর নিবিড় ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...