Logo Logo

চাটখিলে ফোরলেন রাস্তার মাটি কেটে নেওয়ার অভিযোগে সাবেক ছাত্রদল কর্মী আটক


Splash Image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন কমপ্লেক্সের সামনে ফোরলেন রাস্তা থেকে রাতের আধাঁরে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে পাঁচগাও ইউনিয়নের বারইপাড়া গ্রামের মোল্লা বাড়ীর আসিফ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


এ ঘটনায় ফোরলেন সড়ক নির্মাণ কাজের ঠিকাদার বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত আসিফ পূর্বে পাঁচগাও ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এক্সকাভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ফোরলেন রাস্তা থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়। এই জায়গার ওপর দিয়ে চারলেন সড়কের কাজ চলমান রয়েছে। সরকারি জায়গা থেকে এভাবে রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট, তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।

এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোরশেদ আলম বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় একজন ফোন করে তাঁকে জানান, আসিফ নামের এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান। বিষয়টি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে ছিলেন।

চাটখিল উপজেলা ছাত্রদলের নেতারা জানায়, আসিফ একসময় ছাত্রদল করলেও গত ১০/১২ বছর যাবত সে দলে নিষ্ক্রিয় আছে। তার বিরুদ্ধে প্রশাসন যেকোনো ব্যবস্থা গ্রহণ করলে ছাত্রদল প্রশাসনকে সহায়তা করবে।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সরকারি জায়গা থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসিফকে আটক করেছে। এ ঘটনায় ফোরলেন সড়ক নির্মাণ কাজের ঠিকাদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...