Logo Logo

বিনা জামানতে মিলবে ২০ লাখ টাকা, যারা পাবেন


Splash Image

তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরু ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে সহায়তা দিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি জেলার ৬৪টি উপজেলা থেকে এসব উদ্যোক্তাকে বেছে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত এই তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তালিকাটি কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, পাইলট বা প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা-এই আট জেলার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

অন্যদিকে, দেশের বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার আগ্রহী তরুণদের কাছ থেকে এখনো আবেদন গ্রহণ চলমান রয়েছে। আগ্রহীরা নিজ নিজ উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদনপত্র জমা দিতে পারবেন।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। তবে পুরো অর্থই ঋণ নয়; এর অর্ধেক অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অফেরতযোগ্য অনুদান হিসেবে দেওয়া হবে।

সবচেয়ে বড় সুবিধা হলো, এই অর্থ পেতে উদ্যোক্তাদের কোনো ধরনের জামানত (সহায়ক জামানত) দিতে হবে না। তবে শর্ত থাকে যে, প্রাপ্ত অর্থ অবশ্যই নির্ধারিত ব্যবসায়িক খাতে ব্যয় করতে হবে এবং ঋণের অংশের কিস্তি সময়মতো পরিশোধ করতে হবে। কোনো উদ্যোক্তা শর্ত ভঙ্গ করলে তাঁর অনুদানের সুবিধা বাতিল হয়ে যাবে; সে ক্ষেত্রে অনুদানের টাকাও ঋণে রূপান্তরিত হবে এবং সরকারি পাওনা হিসেবে তা আদায় করা হবে।

কর্মসূচিতে অংশ নিতে হলে আবেদন গ্রহণের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একটি বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা (বিজনেস প্ল্যান) থাকতে হবে। তবে আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কেউ এই সুবিধার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিসহ উৎপাদনমুখী বিভিন্ন খাতের উদ্যোক্তারা এই তহবিলের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর উদ্যোগেও অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।

আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল কিংবা যেকোনো তফসিলি ব্যাংকের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণকৃত ফরমের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নাগরিকত্ব সনদ, পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত ও প্রশিক্ষণসংক্রান্ত সনদ (যদি থাকে) সংযুক্ত করে জমা দিতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...