Logo Logo

দমন-পীড়ন নয়,গণতন্ত্র চাই; লুটপাট নয়, জনগণের অধিকার চাই—সরদার সাখাওয়াত হোসেন


Splash Image

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “দমন-পীড়ন নয়, গণতন্ত্র চাই; লুটপাট নয়, জনগণের অধিকার চাই। ধানের শীষ মেহনতি মানুষের প্রতীক—এটি সংগ্রাম ও অধিকার আদায়ের শপথ।” তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন আরও বলেন, এমপি নির্বাচিত হলে নাগরিক সেবা নিশ্চিত করা হবে এবং সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছি। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শক্তিকেই আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন—এটাই আমার প্রত্যাশা। ইনশাআল্লাহ।”

একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা হোসেন শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান দোলন ও বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির জলিল,মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান খন্দকার সোহাগ ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমূখ।

জনসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...