Logo Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

শনিবারের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী


Splash Image

মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকটের কোনো ফলপ্রসূ সমাধান না আসায় যেকোনো সময় বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিবিএস নিউজের এক চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে, মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালাতে প্রস্তুত।


বিজ্ঞাপন


বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। তবে সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানে হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি।

মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, এই আলোচনা অত্যন্ত ‘পরিবর্তনশীল ও চলমান’। হামলার পর ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির ওপর এর প্রভাব কী হতে পারে, তা গভীরভাবে বিশ্লেষণ করছে হোয়াইট হাউজ। যেকোনো সামরিক পদক্ষেপের সুদূরপ্রসারী পরিণতি নিয়ে ভাবছেন নীতিনির্ধারকরা।

এদিকে এক বিশেষ পদক্ষেপে মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভিত্তিতে কিছু মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সাধারণত কোনো বড় ধরনের হামলা চালানোর আগে নিজেদের সেনাদের সম্ভাব্য ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র এমন কৌশল অবলম্বন করে থাকে।

এর আগে গত শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, হাজার হাজার সেনা, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং গাইডেড-মিসাইল ডেসট্রয়ারসহ বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে। এই সামরিক শক্তি বৃদ্ধি অঞ্চলটিতে যুদ্ধের আবহকে আরও ঘনীভূত করেছে।

গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় ‘মিডনাইট হ্যামার’ নামক এককালীন অভিযানে যুক্তরাষ্ট্র স্টিলথ বোমারু বিমান ব্যবহার করেছিল। তবে দুই মার্কিন কর্মকর্তার মতে, এবারের পরিকল্পনা অনেক বেশি জটিল। তারা জানিয়েছেন, এবার শুধু পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাগুলোতেও হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...