Logo Logo

ঝালকাঠির উন্নয়নে দুই সংসদ সদস্যের সমন্বিত অঙ্গীকার


Splash Image

ঝালকাঠি জেলার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য—ঝালকাঠি-১ আসনের রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।


বিজ্ঞাপন


রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় তারা এই প্রতিশ্রুতি দেন।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা, স্থবির হয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ডের গতি ফেরানো এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় দুই সংসদ সদস্য অবহেলিত জনপদের রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা সরকারি প্রতিটি দপ্তরে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশ দিয়ে বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা জরুরি।

বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে আমরা বদ্ধপরিকর। দল-মতনির্বিশেষে ঝালকাঠিকে একটি আধুনিক ও বৈষম্যহীন জেলা হিসেবে গড়ে তোলা হবে।”

অন্যদিকে, সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, নতুন সংসদ সদস্যদের দিকনির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ঝালকাঠির টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে। সভায় ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান, চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...