Logo Logo

ফরিদপুরে জমি বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যা, আটক বড় ভাই


Splash Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিগত নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. গোলাম কবিরের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মিন্টু (৫২), তিনি অভিযুক্ত ডা. গোলাম কবিরের আপন ছোট ভাই। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডা. গোলাম কবির ও তার ভাই মিন্টুর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে গোলাম কবির তার ভাই মিন্টুকে আলোচনার কথা বলে চতুল রেলগেট এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে মিন্টুকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

গুলির শব্দ শুনে স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ডা. গোলাম কবিরকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং তার ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনরোষ থেকে গোলাম কবিরকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।

ফরিদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ডা. গোলাম কবির বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

জমি নিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...