বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। নতুন এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে।
এর আগে শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছিলেন। তবে ব্যবসায়ীদের দাবির মুখে বিষয়টি পুনর্বিবেচনা করে সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, দেশে এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। এছাড়া আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো পেট্রোল ও অকটেন সংরক্ষিত আছে। তিনি আরও জানান, জ্বালানি তেল আমদানির জন্য নতুন উৎস চিহ্নিত করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, কৃষি খাতে জ্বালানি সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেচ মৌসুমে যাতে কৃষকদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন সচল রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল সরকার। তবে দেশের প্রায় ৭০ লাখ দোকান মালিক ও আড়াই কোটি কর্মচারীর জীবিকা এবং আসন্ন উৎসবকে কেন্দ্র করে কেনাকাটার বিষয় বিবেচনায় সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা।
সরকারের এ সিদ্ধান্তে ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে। তবে অফিস-আদালতের সময়সূচি আগের ঘোষণার মতোই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বহাল থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...