Logo Logo

নীলফামারীতে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


Splash Image

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং সড়ক নিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার চারজন শ্রেষ্ঠ চালককে সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নীলফামারী সার্কেলের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এতে জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন শ্রমিক নেতা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়। চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি চালকদের দক্ষতা ও মানসিক সচেতনতা বাড়ানো গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে দুর্ঘটনা কমাতে চালকদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হবে। ফুটওভার ব্রিজ ব্যবহার, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার এবং ট্রাফিক সাইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সড়ক ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ। সার্বিক প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাজনীম আওন।

ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ত্রুটিপূর্ণ যানবাহন ও ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারীদের বিরুদ্ধে বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক আইন বাস্তবায়ন এবং চালকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।

পরিবহন খাতের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সংশ্লিষ্ট বিষয় তুলে ধরে বক্তব্য দেন নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, ক্যাবের সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথির মধ্যে জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফওজিয়া ওপেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এ ছাড়া আলোচনা সভা শেষে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন ও নিয়মনীতি প্রতিপালন এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর স্বীকৃতিস্বরূপ জেলার চারজন শ্রেষ্ঠ চালকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...