বিজ্ঞাপন
রোববার (১০ মে) সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই সভা সম্পন্ন হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।
সভায় এপ্রিল ২০২৬ মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এ সময় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অভিযান জোরদার করা, ফরিদপুর শহরের তীব্র যানজট নিরসনে ইজিবাইক ও অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত রাখা।
এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় হাসপাতালের অভ্যন্তরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াবসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বক্তারা ফরিদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং এ বিষয়ে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...