বিজ্ঞাপন
কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার রাতে পৃথক বিবৃতিতে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রতিরক্ষা (সিভিল ডিফেন্স) বাহিনীর সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানিকারক দেশ কাতার। রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফ্ফান শহরটি দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কাতারের অধিকাংশ এলএনজি উৎপাদনকারী কারখানা এই শিল্পাঞ্চলেই অবস্থিত। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও তেমনই একটি এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে কারখানা ভবন থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা গেছে। রাস লাফ্ফানের বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের লেলিহান শিখা প্রায় ২০ কিলোমিটার দূর থেকেও খালি চোখে দেখা যাচ্ছিল। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে রাজধানী দোহাতেও এর শব্দ শোনা গেছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানা প্রাঙ্গণে নতুন একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছিল। রোববার ওই প্ল্যান্টের কাজ শুরু হওয়ার পরপরই ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
সূত্র : রয়টার্স, এএফপি, ফার্স্টপোস্ট।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...