Logo Logo

ববি ছাত্র কাউন্সিল নেতার বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ


Splash Image

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাবেক সভাপতি সুজয় বিশ্বাস শুভর বিরুদ্ধে নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের (ভুক্তভোগীকে দোষারোপ) গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশ থেকে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ চার দফা দাবি উত্থাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২২ জুন) দুপুরে নগরীর ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ‘বরিশাল বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হুজাইফা রহমান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির সভাপতি মো. বেলাল।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের অধিকার আদায়ে ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো—

যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর: মহামান্য হাইকোর্টের নির্দেশনানুযায়ী প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে 'যৌন নিপীড়ন বিরোধী সেল' পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে চালু করতে হবে।

ভিকটিম ব্লেমিং বন্ধকরণ: ভুক্তভোগী নারীদের চরিত্রহনন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অনবরত 'ভিকটিম ব্লেমিং' অবিলম্বে বন্ধ করতে হবে।

আইনি সহায়তার দায়ভার: ভুক্তভোগী নারীরা যাতে আর্থিক বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে আইনি লড়াই থেকে পিছিয়ে না পড়েন, সেজন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে মামলার যাবতীয় খরচ ও আইনি সহায়তার দায়িত্ব নিতে হবে।

স্বাধীন তদন্ত কমিটি গঠন ও বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ: নারী অধিকার কর্মী ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতিসত্বর সুজয় বিশ্বাস শুভর বিষয়ে নিজস্ব তদন্ত কমিটি গঠন করে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী সাধনা হাওলাদার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেজুতিসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নারী নিপীড়ন ও ভিকটিম ব্লেমিংয়ের মতো স্পর্শকাতর ঘটনা ঘটার পরও সংশ্লিষ্ট মহল এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ বা কার্যকর তদন্ত কমিটি গঠন করেনি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

এ সময় বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে সব ধরনের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং চরিত্রহননের অপচেষ্টা রুখে দিতে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...