Logo Logo

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


Splash Image

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হওয়ার পর অন্তি (১৬) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার ৯ নম্বর চন্দ্রকোণা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অন্তি ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) সারাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবারের পরীক্ষায় অন্তিও অংশ নেয়। ফলাফলে সে চারটি বিষয়ে অকৃতকার্য হয়। বিষয়টি জানার পর থেকেই অন্তির মন খারাপ ছিল বলে পরিবারের সদস্যরা জানান।

মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বাড়ির বসতঘরের বারান্দায় অন্তিকে অচেতন অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে অন্তির মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, এসএসসি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হওয়ার পর লজ্জা ও ক্ষোভ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

এ ঘটনায় অন্তির পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে অন্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং সোমবার ফল প্রকাশের পর জানা যায়, সে চার বিষয়ে অকৃতকার্য হয়েছে। ফল প্রকাশের পর থেকেই তার মন খারাপ ছিল। সেই লজ্জা বা ক্ষোভ থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...