Logo Logo

বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয়ভাবে মর্যাদাপূর্ণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’র জন্য মনোনীত হয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ জেলা পুলিশের হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।

বাংলাদেশ পুলিশে বীরত্ব ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পদক প্রদানের এই ধারাটি প্রথম শুরু হয় ১৯৭৬ সালে । সে সময় মূলত সাহসিকতার জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রবর্তন করা হয়। পরবর্তীতে, পুলিশ বাহিনীর সেবামূলক কাজের পরিধি ও পেশাদারিত্বকে আরও উৎসাহিত করতে ১৯৯৯ সালের ৮ মার্চ একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 'বিপিএম (সেবা)' এবং 'পিপিএম (সেবা)' ক্যাটাগরি দুটি চালু করা হয়। এটি বর্তমানে বাংলাদেশ পুলিশের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গণ্য করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও প্রশংসনীয় কাজের মূল্যায়নের ভিত্তিতে এবার পদক প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এই নির্দিষ্ট সময়কালের সফল কর্মদক্ষতা ও অর্জনের ওপর ভিত্তি করেই মো. হাবীবুল্লাহকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৭তম বিসিএসের এই চৌকস কর্মকর্তা ২০২৫ সালের ৬ ডিসেম্বর গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে কার্যভার গ্রহণ করেন। জেলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর সুদৃঢ় নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা জোরদারে জেলা পুলিশ ব্যাপক সফলতা অর্জন করে।

বিশেষ করে, ৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা মোকাবিলায় গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ অত্যন্ত দূরদর্শী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নির্দেশনায় জেলার সংবেদনশীল স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ফলে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ থাকে।

এছাড়া ২০২৬ সালের আগস্ট মাসে তাঁরই সরাসরি দিকনির্দেশনায় পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে গোপালগঞ্জ জেলা পুলিশ ব্যাপক আলোচনায় আসে। ওই সফল অভিযানে ৬৪ হাজার ১২৩টি ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়। একই সাথে তাঁর নেতৃত্বে জেলায় অপরাধ নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া নির্মূল, সড়ক দুর্ঘটনা হ্রাস, মানব পাচার রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে নিয়মিত সফল অভিযান পরিচালিত হচ্ছে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ‘বিপিএম-সেবা’ পদকে মনোনীত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে গভীর আনন্দ ও অভিনন্দন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ বলেন, “তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ অর্জিত এই মর্যাদাপূর্ণ পদক গোপালগঞ্জ জেলা পুলিশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এই অনন্য অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও গভীরভাবে অনুপ্রাণিত করবে।”

গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়ে সহকর্মীরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সম্মানের পথ সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...