Logo Logo

ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদির বিমান হামলা, নিহত ৬


Splash Image

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি আরবের বিমান বাহিনীর অভিযানে ছয়জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি।


বিজ্ঞাপন


মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সাবা নিউজ এজেন্সি জানায়, সোমবার রাতে মোখায় বোমাবর্ষণ করে সৌদি বিমান বাহিনী। এতে ছয়জন নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করেছে সৌদি আরব। ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথির নেতাদের দাবি, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে সৌদি বিমান হামলা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

হুথি হাইকমান্ডের তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর—এই সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির নেতারা।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বুধবার হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত যুদ্ধবিমানটির ভিডিও প্রকাশ করে হুথি গোষ্ঠী। এছাড়া সম্প্রতি সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও কয়েক দফা হামলা চালিয়েছে হুথি বাহিনী। এসব হামলায় রিয়াদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগস্টের শেষ সপ্তাহ থেকে ইয়েমেনে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জ্বালানি খাতের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এরপর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি হুথি যোদ্ধারা দখল করেছে বলে দাবি করা হয়। বিষয়টি সৌদি আরবের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এত দিন বাব এল মান্দেব প্রণালি ব্যবহার করে নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।

সূত্র : এএফপি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...