বিজ্ঞাপন
রোববার ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহবাহী ট্রলারটি রাত আনুমানিক ১১টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সরদার পাড়ায় নোঙর করে। গভীর রাতেও প্রিয় মানুষটির মরদেহ আসার খবরে নদীর তীরে ভিড় জমান শত শত স্বজন ও স্থানীয় গ্রামবাসী। স্বজনদের আহাজারিতে সে সময় নদী তীরের পরিবেশ ভারী হয়ে ওঠে।
মরদেহ বাড়িতে নেওয়ার পর স্বজনরা দ্রুত গোসল ও কাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। রাত ১২টার দিকে গাবুরা পশ্চিম পাড়া সরদার বাড়ি জামে মসজিদের পাশে মরিয়মের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল হুদা। নামাজ শেষে রাত ১২টা ৪০ মিনিটের দিকে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
জানাজা শেষে গভীর আবেগ প্রকাশ করে গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) গোলাম মোস্তফা বলেন, "মরিয়ম অত্যন্ত কম বয়সী একটি মেয়ে, বয়সে আমার মেয়ের চেয়েও ছোট। আজ তার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা হতভম্ব ও গভীর শোকে স্তব্ধ। মধ্যরাতের তীব্র শীত ও আঁধার উপেক্ষা করে জানাজায় বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এলাকাবাসী তাকে কতটা ভালোবাসত।" তিনি মরিয়মের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান।
জানাজা পরিচালনাকারী শিক্ষক মাওলানা নুরুল হুদা বলেন, গভীর রজনীতেও এলাকাবাসী দলমত নির্বিশেষে জানাজায় শামিল হয়েছেন। মরদেহ ঢাকা থেকে এনে দাফন-কাফন সম্পন্ন করার ক্ষেত্রে সাতক্ষীরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মরিয়মের এই অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুতে তাঁর নিজ এলাকা গাবুরায় চরম শোক ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশের পাশাপাশি এই মৃত্যুর পেছনের মূল রহস্য উন্মোচনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন।
এদিকে, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। এজাহার দায়েরের পর পুলিশ ইতিমধ্যেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...