Logo Logo

যশোরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় -রুহুল কবির রিজভী


Splash Image

ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায় দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম।


বিজ্ঞাপন


ক্ষমতার রাজনীতির চেয়ে আন্দোলন-সংগ্রাম, দলীয় আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তাঁকে পরিণত করেছিল একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদি রাজনীতিবিদে। জীবনের শুরু থেকে ধাপে ধাপে রাজনীতির পথ পাড়ি দিয়ে জাতীয় পর্যায়ে উঠে আসা এই নেতার নেতৃত্ব, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা আজও স্মরণীয় হয়ে আছে। তাঁর রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের কাছে সংগ্রাম ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত।

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) যশোরের জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) জেলা বিএনপি আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। তাঁর অসাধারণ নেতৃত্বের প্রজ্ঞা ও বৈশিষ্ট্য ছিল। তিনি ছিলেন ধ্রুপদি রাজনৈতিক ব্যক্তিত্ব।

রিজভী বলেন, ছাত্রজীবন থেকেই নানা সংগ্রাম, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তরিকুল ইসলাম নিজেকে গড়ে তুলেছেন। প্রগতিশীল ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে এসে মাওলানা ভাসানীর শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন। আজীবন কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে আমৃত্যু গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, দেশের ও দলের সংকটময় সময়ে তরিকুল ইসলাম ছিলেন আস্থার প্রতীক। বেগম খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার সময় সর্বপ্রথম তরিকুল ইসলামের কথা স্মরণ করতেন। ২০১৪ সালে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তাঁর মাধ্যমে আন্দোলন পরিচালনা করেছেন। দলের প্রধান নেত্রীর কাছে তরিকুল ইসলামের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস ছিল। দলের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূলের নেতাকর্মী—সবার কাছেই তিনি ছিলেন বিশ্বস্ত একজন নেতা। তাঁকে দমিয়ে রাখতে তাঁর বাড়িতে একাধিকবার বোমাবাজি করা হয়েছিল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় চেয়েছে, চেয়েছে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। শেখ হাসিনার মতো গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে ভিন্নমত দমন করা তারেক রহমানের সরকারের আদর্শ নয়। সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। তাই আমরা তাঁর মতো আচরণ করতে পারি না। আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে আর কোনো দিন ফ্যাসিবাদের উত্থান না ঘটে।

তিনি অভিযোগ করেন, গণতন্ত্রবিরোধী শক্তি নতুন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরিতে মদদ দিচ্ছেন। তাঁর অনুসারীরা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বিএনপির নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীদের বাড়িতেও হামলা করা হচ্ছে।

রিজভী আরও বলেন, প্রশাসনসহ বিভিন্ন জায়গায় গণতন্ত্রবিরোধী শক্তির অনুসারীরা এখনো সক্রিয় রয়েছে। এ কারণে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়ও কয়েক দিনের ব্যবধানে তিনজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা সব সময় সন্ত্রাসী বাহিনীর ওপর নির্ভর করেছেন। এখনো সেই শক্তিকে ব্যবহার করে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরানোর চেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও স্মরণসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রিয় নেতাকে স্মরণ করতে আসা মানুষের আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় মিলনায়তন মুখর হয়ে ওঠে। সভা শেষে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের সহধর্মিণী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং তাঁর কনিষ্ঠপুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশীদ, ড্যাবের যশোর জেলা শাখার সাবেক সভাপতি আবু আহসান লাল্টু, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...