বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) বাজুসের কার্যালয়ে অনুষ্ঠিত সমিতির পরিচালনা পর্ষদের সভায় সোনার অলংকার ক্রয় ও বদল নীতিমালায় এ পরিবর্তন আনা হয়। পরে সমিতির সভাপতি এনামুল হক খান সদস্যদের কাছে পাঠানো এক জরুরি নোটিশে বিষয়টি জানান। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ নিয়ম কার্যকর হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো সোনার অলংকার বদলে নতুন অলংকার কিনতে গেলে আগের নিয়মে ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ ওজন বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। অর্থাৎ, এক ভরি ওজনের ২১ ক্যারেটের পুরোনো অলংকার বদলে একই ওজনের নতুন অলংকার কিনতে গেলে এখন মূল্য নির্ধারণে ৯ শতাংশ ওজন বাদ দেওয়া হবে। এতে, পুরোনো অলংকারের মূল্য দাঁড়াবে ১ লাখ ৭৩ হাজার ৮১৬ টাকা। আগের নিয়মে ১২ শতাংশ বাদ দেওয়ায় মূল্য নির্ধারিত হতো ১ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা। ফলে, নতুন নিয়মে ক্রেতার সাশ্রয় হবে ৫ হাজার ৬৪৩ টাকা।
অন্যদিকে, পুরোনো সোনার অলংকার সরাসরি বিক্রির ক্ষেত্রেও বাড়ছে গ্রাহকদের প্রাপ্ত অর্থের পরিমাণ। এত দিন পুরোনো অলংকারের বর্তমান ওজন থেকে ১৮ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হতো। নতুন নিয়মে তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
বাজুসের দেওয়া হিসাব অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি ওজনের পুরোনো অলংকার বিক্রি করলে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত পাওয়া যেত ১ লাখ ৬৪ হাজার ৯৪০ টাকা। রোববার (২২ নভেম্বর) থেকে একই অলংকার বিক্রি করলে পাওয়া যাবে ১ লাখ ৭০ হাজার ৯৭৪ টাকা। অর্থাৎ, নতুন নিয়মে গ্রাহক ৬ হাজার ৩৪ টাকা বেশি পাবেন।
এ বিষয়ে বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে ক্রেতারা আগের চেয়ে বেশি লাভবান হবেন।
এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম ধারাবাহিকভাবে কমছে। এর প্রভাবে, চলতি মাসে দেশের বাজারে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে গত শুক্রবার এক দিনেই দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা, যা এক দিনে সর্বোচ্চ দরপতন। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। গত ১৩ মাসের মধ্যে এটিই দেশের বাজারে সোনার সর্বনিম্ন দাম।
বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম কমছে। এর একটি হলো, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে- বাজারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রাবাজারে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এ দুই কারণে মূল্যবান ধাতুর ওপর চাপ তৈরি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...