Logo Logo

২৩ নভেম্বর, বরিশাল অঞ্চলে এই ‍দিনে প্রথম হানাদারমুক্ত হয় রাজাপুর


Splash Image

১৯৭১ সালের ২৩ নভেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ ও সম্মুখযুদ্ধের পর শত্রুমুক্ত হয় ঝালকাঠির রাজাপুর। বৃহত্তর বরিশাল অঞ্চলের মধ্যে এদিনই সর্বপ্রথম স্বাধীনতার স্বাদ পায় রাজাপুরের মানুষ। উড়েছিল স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। তবে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ও গুরুত্বপূর্ণ স্থানগুলো আজও সংরক্ষণের উদ্যোগের অপেক্ষায় রয়েছে। ফলে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা এবং শহীদদের স্মৃতি রক্ষার বিষয়টি নিয়ে ক্ষোভ ও আক্ষেপ রয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের।


বিজ্ঞাপন


মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাপুর ছিল ৯ নম্বর সেক্টরের বরিশাল সাব-সেক্টরের আওতাধীন। সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি গড়ে তোলেন। ১৪ নভেম্বরের পর রাজাপুরে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। দেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন ও হত্যা করত। থানা ঘাটসংলগ্ন বধ্যভূমির কাছে নিরীহ মানুষকে বেঁধে গুলি করে নদী ও খালে ফেলে দেওয়া হতো। তৎকালীন কলেজছাত্র আবুল কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটিচাপা দেওয়ার ঘটনাও আজও স্থানীয়দের স্মৃতিতে বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে। এরপর ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে রাজাপুর থানা এলাকায় পাকিস্তানি বাহিনীর অবস্থানে চূড়ান্ত আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। তৎকালীন থানা কমান্ডার কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা এ যুদ্ধে অংশ নেন। রাতভর চলে পাল্টাপাল্টি গুলি ও তুমুল সম্মুখযুদ্ধ। পরদিন ২৩ নভেম্বর সকাল পর্যন্ত চলে প্রতিরোধ। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। শত্রুমুক্ত হয় রাজাপুর থানা। এ যুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ২০ জন মুক্তিযোদ্ধা। এ বিজয়ের মধ্য দিয়ে বৃহত্তর বরিশাল অঞ্চলে প্রথম হানাদারমুক্ত হওয়ার গৌরব অর্জন করে রাজাপুর।

বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা বলেন, রাজাপুরের সম্মুখযুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই মুক্তিযোদ্ধা শহীদ হন। দীর্ঘ লড়াইয়ের পর ২৩ নভেম্বর সকালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ বিজয় ছিল এ অঞ্চলের মুক্তিকামী মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাপুর ছিল বরিশাল সাব-সেক্টরের অধীন। ক্যাপ্টেন শাহজাহান ওমর কানুদাসকাঠিতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি স্থাপন করেছিলেন। রাজাপুর থানায় সম্মুখযুদ্ধ শুরু হলে তিনিও সরাসরি অংশ নেন এবং সেদিন গুলিবিদ্ধ হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।

মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজাপুর থানা ঘাটের বধ্যভূমিতে প্রায় ৭০০ থেকে ৮০০ নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। এ ছাড়া সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের বাড়ির সামনের বধ্যভূমিতে হত্যা করা হয় আরও প্রায় ২০০ মানুষকে। অথচ এত বড় গণহত্যার স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। নেই প্রয়োজনীয় স্মৃতিফলক কিংবা নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার পর্যাপ্ত ব্যবস্থা।

স্বাধীনতার ৫৫ বছর পরও রাজাপুরের বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো অরক্ষিত থাকা স্থানীয়দের জন্য বেদনার। ইতিহাসের সাক্ষী এসব স্থান সংরক্ষণ করা গেলে একদিকে যেমন শহীদদের প্রতি যথাযথ সম্মান জানানো হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে রাজাপুরের মুক্তির গৌরবময় ইতিহাস।

রাজাপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু বলেন, মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। অনেক মুক্তিযোদ্ধা আজও নানা সংকটের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাঁদের অবদান ও স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান বলেন, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তিনি সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ঘর পাননি। অনেকেই সরকারের দেওয়া ঘর পেলেও তিনি বঞ্চিত রয়েছেন। মৃত্যুর আগে অন্তত একটি ঘর পাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেন, যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, সেই দেশের দেওয়া উপহারের ঘরে শেষ জীবন কাটাতে পারলে মৃত্যুর পরও শান্তি পাব।

মুক্তিযোদ্ধা শাহ-আলম খসরু, বাবুল খলিফা ও জালাল খান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচিহ্ন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং নতুন প্রজন্মকে এসব স্থানের ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে। তা না হলে একসময় মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজাপুরের বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...