Logo Logo

প্রধান উপদেষ্টার প্রেস সচিব

২৯ বিলিয়ন ডলার রিজার্ভ ও ৬ মাসের খাদ্য মজুত রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার


Splash Image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনের শেষে দেশে ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অন্তত ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা রেখে যাচ্ছে।


বিজ্ঞাপন


রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শফিকুল আলম দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট যখন অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত প্রায় অচল হয়ে পড়েছিল এবং বেশ কিছু ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল।

বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন কার্যকর পদক্ষেপের ফলে রিজার্ভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে এখন ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

প্রেস সচিব বলেন, বিদায়ের প্রাক্কালে যে পরিমাণ রিজার্ভ ও খাদ্য আমদানির সক্ষমতা নিশ্চিত করা হয়েছে, তার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতিকে একটি স্থিতিশীল ও শক্তিশালী অবস্থানে এনে নতুন সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

দেশের মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম দাবি করেন, গত ১৮ মাসের শাসনকালে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি।

অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে সরকারকে ‘ফ্যাসিস্টদের বিভিন্ন কার্যক্রম’ মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈরী পরিবেশের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এবং প্রয়োজনীয় আইনগত কাঠামো তৈরি করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদে অর্থনীতি পুনরুদ্ধার, ঝিমিয়ে পড়া ব্যাংকিং খাতকে পুনরায় সচল করা এবং প্রশাসনিক সংস্কারের মতো মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে।

এই স্থিতিশীল অর্থনৈতিক ও প্রশাসনিক ভিত্তি নতুন নির্বাচিত সরকারের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...