Logo Logo

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে নির্বাচিত হওয়ার পর বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


বিজ্ঞাপন


সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ইসি সচিব আখতার হোসেন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়া সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি কমিশনে জমা দেওয়া হয়েছে। বর্তমানে ওই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আইন অনুযায়ী, কোনো আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—উভয় আসনেই বিপুল ভোটে জয়ী হন। ঢাকা-১৭ আসনে তিনি ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এএসএম খালিদুজ্জামান পান ৬৮ হাজার ৩০০ ভোট।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বড় জয় পান তিনি; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসনে জয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হয় তিনি কোন আসনটি নিজের কাছে রাখতে চান। তারেক রহমান নির্দিষ্ট সময়ের মধ্যেই ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে কমিশনকে অবহিত করেছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এতে বিএনপি এককভাবে ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে।

আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল এখনো ঝুলে আছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...