Logo Logo

বিধ্বস্ত রাষ্ট্র পুনর্গঠন ও জনআকাঙ্ক্ষা পূরণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান মির্জা ফখরুলের


Splash Image

ছবি : সংগৃহীত।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা যেহেতু জনগণের করের টাকায় পরিচালিত হই, তাই সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ভিন্নমত ও বিভেদ ভুলে টিম হিসেবে কাজ করতে পারলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মূল লক্ষ্য হলো জনগণের আস্থা পুনরুদ্ধার করা। প্রধানমন্ত্রীর পরিষ্কার বার্তা উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের বর্তমান অগ্রাধিকার।

মতবিনিময় সভায় গ্রামের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, গ্রামের মানুষের কষ্ট দূর করা কোনো আবেগ নয়, বরং এটি একটি বাস্তব সামাজিক সত্য। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের জীবনমান উন্নত করতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী সামগ্রিক কার্যক্রমের ওপর বিস্তারিত উপস্থাপনা পেশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই মন্ত্রণালয় সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা জনগণের সাথে একটি সামাজিক চুক্তি। দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

উভয় নেতা মনে করেন, একটি কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সক্রিয় ও আন্তরিক উদ্যোগই হবে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...