Logo Logo

টিসিবির আদলে ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার : তথ্যমন্ত্রী


Splash Image

দেশের কৃষিখাতকে আধুনিকায়ন ও কৃষকের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে ‘কৃষক কার্ড’ প্রবর্তন করতে যাচ্ছে সরকার। শুরুতে এটি ব্যাপক পরিসরে না হয়ে ‘পাইলট প্রকল্প’ হিসেবে নির্দিষ্ট কিছু এলাকায় চালু করা হবে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের এই নতুন উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে।

তথ্যমন্ত্রী জানান, এই বিশেষ কার্ডের মাধ্যমে একজন কৃষক কৃষি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন। এর মধ্যে সার, কীটনাশক ও বীজের মতো উপকরণ সহজলভ্য করার পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত কৃষি জ্ঞান সরবরাহ করা হবে। এছাড়া স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষকরা বাজার পরিস্থিতি, উৎপাদনের অবস্থা এবং আবহাওয়ার আগাম বার্তা পাবেন, যা তাদের উন্নত চাষাবাদে সহায়তা করবে।

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং অনিয়ম রোধে এই কার্ডে ‘স্মার্ট’ প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, কোনো ধরনের লিকেজ বা মধ্যস্বত্বভোগী যেন কৃষকের সুবিধা ভোগ করতে না পারে, সেজন্যই স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কৃষকের সাথে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ তৈরি হবে এবং ব্যাংকিং সেবার মতো সুবিধাগুলোও সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে।

কার্ড বিতরণ শুরুর সুনির্দিষ্ট সময় এখনই ঘোষণা না করলেও মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে যেন দ্রুততম সময়ে এই কাজ শুরু হয়। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বর্তমানে এর প্রস্তুতিমূলক কাজ করছে।

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী দেশের সব কৃষককেই এই কার্ডের আওতায় আনার দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে সরকারের। তবে পদ্ধতিগত ত্রুটি এড়াতে শুরুতে পাইলট প্রকল্পের মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চল থেকে কাজ শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...