বিজ্ঞাপন
মার্কিন আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাত থেকে শুরু হওয়া এই তুষারঝড় উত্তর ক্যারোলাইনা থেকে শুরু করে মাইন অঙ্গরাজ্য হয়ে কানাডার উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিউজার্সি, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও কানেক্টিকাট অঙ্গরাজ্যে।
তুষারপাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের অনেক এলাকায় প্রায় ৩৭ ইঞ্চি পুরু তুষারের স্তর জমে গেছে। নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকাও ১৯ ইঞ্চি তুষারের নিচে ঢাকা পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছয়টি অঙ্গরাজ্যের ৬ লাখেরও বেশি ঘরবাড়ি বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
তুষারপাতের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ড। অঙ্গরাজ্যটির রাজধানী প্রোভিডেন্স ৩৬ ইঞ্চি পুরু তুষারে ঢাকা পড়েছে, যা ১৯৭৮ সালের ২৮.৬ ইঞ্চির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কর্মকর্তা ক্যান্ডিস হেরেনকেসিন এই পরিস্থিতিকে 'পুরোপুরি বিধ্বংসী' বলে অভিহিত করেছেন।
পরিস্থিতি মোকাবিলায় রোড আইল্যান্ড, কানেক্টিকাট ও ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ ও গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি সামাজিক যোগাযোগমাধ্যমে এক সতর্কবার্তায় বলেছেন, "সড়কগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত বিপজ্জনক। বিপদে পড়লে তাৎক্ষণিক সাহায্য পাওয়া অনিশ্চিত। তাই খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ দয়া করে ঘরের বাইরে বের হবেন না।"
বৈরী আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় উদ্ধারকাজ ও বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ করছে জরুরি বিভাগ।
সূত্র : বিবিসি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...