Logo Logo

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা


Splash Image

বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে ডিম ও মুরগি আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য রক্ষা এবং দেশটির অভ্যন্তরীণ বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা এবং নিউ ক্যাসল রোগের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়াও এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, নেপাল, আফগানিস্তান, জার্মানি, চীন, জাপান, যুক্তরাজ্য ও মিসরসহ বেশ কিছু রাষ্ট্র।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ইন্দোনেশিয়া, ইরান, দক্ষিণ আফ্রিকা, ফিলিস্তিন, ভিয়েতনাম, মিয়ানমার, মেক্সিকো, হংকং এবং উত্তর ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চলে আংশিক বিধিনিষেধ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, কানাডা, মালয়েশিয়া ও ফ্রান্সের মতো দেশগুলো।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই নিষেধাজ্ঞা প্রধানত কাঁচা মুরগির মাংস এবং ডিমের ওপর কার্যকর হবে। তবে তাপের সাহায্যে প্রক্রিয়াজাত মুরগির মাংস ও ডিম আমদানিতে কোনো বাধা নেই। এ ক্ষেত্রে আমদানিকারক ও উৎপাদকদের অবশ্যই অনুমোদিত আন্তর্জাতিক স্বাস্থ্য ও সুরক্ষা মানদণ্ড মেনে চলতে হবে।

সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সংশ্লিষ্ট দেশগুলোতে রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক পোল্ট্রি বাজারে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...