Logo Logo

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন


Splash Image

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বহুল আলোচিত স্ত্রী হত্যা মামলায় স্বামী আবু বাক্কারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার দুপুরে জেলার দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ মরিয়ম-মুন-মুণ্জুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

আসামী আবু বাক্কার কিশোরগঞ্জের করিমগঞ্জ মোলামখার চর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৯ এপ্রিল রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রিজিয়া খাতুন আসামি আবু বাক্কারের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

অভিযোগে বলা হয়, রিজিয়া খাতুন পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাইলে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। ঘটনার রাতে আবু বাক্কার তার স্ত্রীকে শার্ট দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ বাড়ির উঠানের খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান। পরদিন ৩০ এপ্রিল নিহতের মেয়ে বিউটি বাদী হয়ে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় প্রথম অভিযোগপত্র দাখিল করা হয় ১৬ নভেম্বর ২০১৪ তারিখে। চার্জশিট গঠনের পর সাক্ষ্যগ্রহণ চলাকালে রাষ্ট্রপক্ষের আবেদনে পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী মোঃ নজরুল ইসলাম খান।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...